নয়া ইতিহাস গড়ল ভারত! আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ভারতের বর্তমান অর্থনীতির মূল্য ৪ ট্রিলিয়ন ডলার এবং এটি IMF-এর স্বীকৃত হিসাব। তিনি আরও বলেন, ভারতের সামনে এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি রয়েছে এবং আগামী ২-৩ বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্থানে পৌঁছাতে সক্ষম হবে। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংও টুইট করে জানান, বিকশিত ভারতের লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। IMF-এর পূর্বাভাস অনুযায়ী, ভারত ২০২৫ সালে ৬.২% এবং ২০২৬ সালে ৬.৩% হারে অর্থনৈতিক বৃদ্ধি অর্জন করবে, যা বিশ্ব ও আঞ্চলিক গড় বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাবে। জনসংখ্যাগত সুবিধা এবং সুপরিকল্পিত উন্নয়ননীতির জোরে ভারতের এই আর্থিক অগ্রগতি আগামীতেও বজায় থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




