VSK প্রতিবেদন:
দেশের গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিল যুগান্তকারী ‘Research, Development and Innovation (RDI) Scheme’, যার জন্য আগামী ৬ বছরে বরাদ্দ হয়েছে ₹১ লক্ষ কোটি টাকা এবং শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবর্ষেই থাকবে ₹২০,০০০ কোটির বিনিয়োগ। কৌশলগত গুরুত্বসম্পন্ন শক্তি নিরাপত্তা, জলবায়ু কর্মসূচি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম কম্পিউটিং, জৈবপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল অর্থনীতির মতো সানরাইজ খাতগুলিকে চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পে। ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্টার্টআপ ইন্ডিয়া’ মিশনের সঙ্গে সাযুজ্য রেখে এই স্কিম দেশীয় প্রযুক্তি উৎপাদনকে উৎসাহিত করবে এবং আমদানি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতার পথে এগোতে সাহায্য করবে। গবেষণার উচ্চ পর্যায় (TRL 4+) থেকে রূপান্তরমূলক প্রযুক্তি প্রকল্পে সহায়তা, পাশাপাশি ‘Deep-Tech Fund of Funds’-এর মাধ্যমে স্টার্টআপদের দীর্ঘমেয়াদী ইক্যুইটি ও রিস্ক ক্যাপিটালও মিলবে। অর্থায়নের ঘাটতি পূরণ, উদ্ভাবন ও প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্প ভবিষ্যতে ভারতকে বৈশ্বিক প্রযুক্তি-ভিত্তিক অর্থনীতির কেন্দ্রে স্থাপন করতে পারে। রাজ্যসভায় এক লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন, “এই স্কিম শুধু প্রযুক্তি খাত নয়, বরং ভবিষ্যতের আত্মনির্ভর ও জ্ঞানভিত্তিক ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।”





