VSK প্রতিবেদন: এক ঐতিহাসিক রাতে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জিতে নিয়েছে তাদের প্রথম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ। এই জয়ের মাধ্যমে ভারতের মহিলা ক্রিকেট নতুন অধ্যায়ের সূচনা করল।
দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারত ব্যাট হাতে তোলে ২৯৮ রানের লড়াকু সংগ্রহ, যেখানে শেফালি ভার্মার ৮৭ রানের দুর্দান্ত ইনিংস ছিল দলের মূল ভরসা। সাথে ছিলেন ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা, যারা গুরুত্বপূর্ণ পার্টনারশিপে দলের ভিত্তি গড়ে দেন।
চেজে নামা দক্ষিণ আফ্রিকা একসময় ভালো অবস্থায় থাকলেও, দীপতি শর্মার বিধ্বংসী স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অনারি ডার্কসেনকে আউট করার পর প্রোটিয়াসদের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। দক্ষিণ আফ্রিকার দল ২০৯/৫ থেকে ২৪৬ অলআউটে গুটিয়ে যায়। দীপ্তি ৯.৩ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৫টি উইকেট, যার মধ্যে ছিল ক্যাপ্টেন লরা উলভোয়ার্টের গুরুত্বপূর্ণ উইকেটও।
শেফালি ভার্মা শুধু ব্যাটেই নয়, বল হাতেও জ্বলে ওঠেন। তিনি ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন, যার ফলে প্রোটিয়াসদের আশা শেষ হয়ে যায়। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য শেফালি নির্বাচিত হন ম্যাচ সেরা (Player of the Match), আর দীপ্তি শর্মা পান টুর্নামেন্ট সেরা (Player of the Tournament) পুরস্কার।
বিজয়ী দলকে দেওয়া হয়েছে প্রায় ৩৭.৩ কোটি টাকার রেকর্ড প্রাইজমানি, যা গতবারের তুলনায় প্রায় ২৩৯ শতাংশ বেশি। এই জয় কেবল ভারতীয় ক্রিকেটের গর্বই বাড়ায়নি, বরং মহিলা ক্রিকেটের জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি লিখেছেন, “এই ঐতিহাসিক জয় মহিলাদের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাবে। মেয়েরা আজ গোটা দেশকে গর্বিত করেছে।”
প্রধানমন্ত্রী মোদী তাঁর বার্তায় বলেন, “এটি এক অসাধারণ বিজয়, যা ভবিষ্যতের প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে। দলের পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে দক্ষতা, আত্মবিশ্বাস ও ঐক্যের শক্তি।”
লোকসভা স্পিকার ওম বিড়লা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই জয় গোটা জাতির গর্ব।
ভারতের এই ঐতিহাসিক বিশ্বকাপ জয় কেবল ক্রিকেট মাঠে নয়, দেশের প্রতিটি ঘরে ঘরে এক নতুন অনুপ্রেরণার গল্প বুনে দিল—যেখানে মেয়েরা প্রমাণ করল, স্বপ্ন যদি দৃঢ় হয়, তবে জয় নিশ্চিত।





