১২৭ বছরের দীর্ঘ প্রবাস শেষে অবশেষে ভারতে ফিরল গৌতম বুদ্ধের পবিত্র শরীরধাতু—পিপরাহওয়া রত্নসমূহ। ১৮৯৮ সালে উত্তরপ্রদেশের পিপরাহওয়া গ্রামে আবিষ্কৃত এই ধাতুগুলি ব্রিটিশ শাসনকালে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে ২০২৫ সালের মে মাসে হংকং-এ এগুলির নিলামের ঘোষণা হতেই ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের প্রবল প্রতিবাদের মুখে পড়ে নিলামকারী সংস্থা সোথবি’স। ভারত সরকারের কঠোর হস্তক্ষেপে ওই নিলাম রুখে দেওয়া হয় এবং বহু পর্যায়ের কূটনৈতিক আলোচনার পর এই ধাতুগুলি পুনরায় দেশে ফেরানো সম্ভব হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০শে জুলাই এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন, “এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গর্বের দিন! পিপরাহওয়ার পবিত্র বুদ্ধধাতুর প্রত্যাবর্তন প্রত্যেক ভারতবাসীর গর্বের বিষয়।” এই ধাতুগুলিতে রয়েছে প্রাচীন আমেথিস্ট, প্রবাল, মুক্তা, সোনার গয়না ও শাঁখ, যা পিপরাহওয়া স্তূপের খননে পাওয়া গিয়েছিল। ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ লিপিতে নিশ্চিত হয় যে এগুলি শাক্য বংশের দ্বারা দানকৃত এবং স্বয়ং গৌতম বুদ্ধের দেহধাতু। এই ধাতুগুলি বৌদ্ধ ধর্মে শরীরিক ধাতু (Sharirik Dhatu) হিসেবে পূজিত হয়, যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, প্রত্নতত্ত্ব বিভাগ, বিদেশ মন্ত্রকের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোথবি’স-এর সঙ্গে আলোচনা করে ৬ই মে এই নিলাম স্থগিত করাতে সমর্থ হয়। এই ঐতিহাসিক পুনরুদ্ধার শুধু ভারতের সাংস্কৃতিক মর্যাদাকেই নয়, বৌদ্ধ দর্শনের প্রতি ভারতের অটুট শ্রদ্ধাবোধ ও বিশ্ব নেতৃস্থানীয় ভূমিকারও নিদর্শন।





